জনমত বাংলা নিউজ ডেস্ক : পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপর পাকিস্তান সরকারের নির্মম হামলার অভিযোগ! রাওয়াকোটে শুক্রবার ভোরে আন্দোলনকারীদের লক্ষ্য করে RPG-7 রকেট ছোড়া হয় বলে অভিযোগ। চলে নির্বিচারে গুলিও। ভয়াবহ এই হামলায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে চার শিশু রয়েছে। উল্লেখ্য, সস্তায় খাবার এবং উন্নত শিক্ষার দাবিতে গত জুন মাস থেকেই পথে নেমেছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তাঁদের আন্দোলন দমন করতেই এই হামলা বলে অভিযোগ।
শুক্রবার ভোরে রাওয়ালকোট বাস টার্মিনালের কাছে কয়েকশো বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন বলে সূত্রের খবর। কাছের একটি চত্বরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। অভিযোগ, ঠিক তখনই তাঁদের লক্ষ্য করে রকেট ছোড়া হয়। বিস্ফোরণের তীব্র শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। হুড়োহুড়ি করে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, রকেট হামলার পরেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পাকিস্তান রেঞ্জার্স, ফ্রন্টিয়ার কোরের জওয়ান এবং পুলিশ বাহিনী তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তাতেই ২০ থেকে ২৫ জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বলে অভিযোগ। চারদিকে ছড়িয়ে পড়ে রক্ত। পাশাপাশি আশপাশের বাড়িতে ড্রোন হামলা চালানো এবং কয়েকটি এলাকায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে পাক সেনার বিরুদ্ধে।
হামলার ভয়াবহতা সামনে আসতেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চার শিশু-সহ ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। আহতদের চিকিৎসা চলছে। এদিকে, এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত ও রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের দাবি তুলেছেন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (JAAC) নেতা উমর নাজির। স্থানীয় সংবাদমাধ্যমে রকেটের ধ্বংসাবশেষ তুলে ধরে তিনি অভিযোগ করেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশেই বিক্ষোভকারীদের উপর হামলা চালানো হয়েছে।
তবে, ভয়াবহ হামলার পরেও সরকারের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে নারাজ JAAC নেতৃত্বরা। তাঁদের একটাই দাবি, সেনাপ্রধান আসিম মুনিরকে জবাবদিহি করতে হবে। অন্যদিকে, রাওয়ালকোটের একাধিক এলাকায় ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন। ফলে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
