Split image - on left, actor Shah Rukh Khan with grey hair and sunglasses touching his glasses, on right, a large brown banner on a building at night with handwritten white text reading 'Thank you all for your wishes and love. Sending mine right back to you all. Lots of love & A big Hug, Shah Rukh' with his signature.

জনমত বাংলা নিউজ ডেস্ক : ৬১-তে পা দিলেন বলিউডের ‘কিং খান’ শাহরুখ। প্রতি বছর ২ নভেম্বর ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই মুম্বইয়ের মন্নতের বারান্দায় দেখা মেলে বলিউড বাদশার। তাঁকে এক ঝলক দেখতে বান্দ্রার বাড়ির সামনে ভিড় জমান দেশ-বিদেশের হাজার হাজার অনুরাগী। কিন্তু এ বার জন্মদিনের রাতে ভাঙল দীর্ঘদিনের সেই চেনা রীতি। মধ্যরাতে মন্নতের বারান্দায় এলেন না শাহরুখ। ফলে প্রিয় তারকার এক ঝলক দেখার অপেক্ষায় থাকা ভক্তদের কিছুটা মন খারাপ হলেও তাঁদের জন্য অন্য চমক রেখেছিলেন অভিনেতা। নিজে সামনে না এসে হাতে লেখা বিশেষ বার্তার মাধ্যমে অনুরাগীদের ভালোবাসা জানালেন তিনি।

মন্নতের বাইরে বিশাল স্ক্রিনে দেখানো হয় বাদশার নিজের হাতে লেখা বার্তা। ভক্তদের ভালোবাসার জবাবে শাহরুখ লেখেন, ‘আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার তরফ থেকেও আপনাদের প্রত্যেকের জন্য রইল ভালোবাসা।’ বার্তার শেষে নিজের স্বাক্ষরের পাশাপাশি অনুরাগীদের জন্য পাঠান অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন। এই বার্তা ঘিরেই উচ্ছ্বাস ছড়ায় ভক্তদের মধ্যে। শুধু তাই নয়, শাহরুখের জন্মদিনে অন্য রূপে ধরা দেয় মন্নত। তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর বিশাল পোস্টার ও ব্যানারে সাজানো হয় গোটা বাড়ি। স্ক্রিনে বারবার ভেসে ওঠে ছবির দুই সংলাপ—‘কিং একেলা কাফি হ্যায়’ এবং ‘ডর নহি, দহশত হুঁ’।

মন্নত থেকে বুর্জ খলিফা—শাহরুখ খানের ৬১তম জন্মদিন ঘিরে উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। বলিউড বাদশার জন্মদিন উপলক্ষে ২ নভেম্বর বিশেষ আলোয় সাজানো হয় দুবাইয়ের বুর্জ খলিফা। বিশ্বের উচ্চতম এই ইমারতে ফুটে ওঠে শাহরুখের বিশাল ছবি। সঙ্গে জ্বলজ্বল করে ওঠে অনুরাগীদের ভালোবাসার বার্তা, ‘উই লাভ ইউ এসআরকে’। বিদেশের মাটিতে এমন আয়োজন অবশ্য নতুন নয়। এর আগেও বহুবার শাহরুখের জন্মদিনে বুর্জ খলিফায় দেখা গিয়েছে এমন বিশেষ চমক। কখনও দুবাই ফাউন্টেন শো-তে বেজেছে তাঁর সুপারহিট ছবি ‘ওম শান্তি ওম’ কিংবা ‘ডিডিএলজে’-র গান, কখনও আবার আলোর ঝলকানিতে মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। অর্থাৎ, জন্মদিনে মন্নতের ব্যালকনিতে হাজির না হলেও আন্তর্জাতিক স্তরে বাদশার জনপ্রিয়তায় যে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তা আরও একবার প্রমাণিত।

এদিকে, এদিন মধ্যরাতেই প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’। এই গানে আবারও শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধলেন দীপিকা পাড়ুকোন। অরিজিৎ সিংয়ের জাদুকরী কণ্ঠের সঙ্গে এড শিরানের র‍্যাপের মেলবন্ধন গানটিকে ঘিরে তৈরি করেছে বাড়তি আকর্ষণ। ফলে জন্মদিনের আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে অনুরাগীদের মধ্যে। নিজে সামনে না এসেও যে ভক্তদের মন জিতে নেওয়া যায়, জন্মদিনে আরও একবার তা বুঝিয়ে দিলেন বাদশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *