Black and white close-up portrait of a middle-aged man with short hair wearing a dark blazer and looking at the camera with a slight smile.

জনমত বাংলা নিউজ ডেস্ক : বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত জনপ্রিয় পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্ত। শুক্রবার রাতে তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া বিনোদন জগতে। জানা গিয়েছে, নিজের বাড়ির বাথরুমে আচমকা পড়ে যান তিনি। তার পরই মৃত্যু হয় তাঁর। যদিও মৃত্যুর কারণ এবং ঘটনার সম্পূর্ণ বিবরণ এখনও প্রকাশ্যে আসেনি।

বলিউডে নিজের স্বতন্ত্র পরিচালনার ধরন তৈরি করেছিলেন সঞ্জয় গুপ্ত। বিশেষ করে অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর জুটি দর্শকদের উপহার দিয়েছে একাধিক স্মরণীয় ছবি। ‘কাঁটে’, ‘মুসাফির’, ‘জিন্দা’ থেকে শুরু করে ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’—প্রতিটি ছবিতেই নজর কেড়েছিল তাঁদের কাজ। ১৯৯১ সালের ঐতিহাসিক লোখন্ডওয়ালা এনকাউন্টারের ঘটনা নিয়ে তৈরি ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ ছবির সহ-লেখক ও প্রযোজক ছিলেন সঞ্জয় গুপ্ত। এরপর ২০১৩ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত ‘শুটআউট অ্যাট ওয়াডালা’। অ্যাকশন-ক্রাইম ঘরানার বাইরে গিয়েও ‘জাজবা’ ও ‘কাবিল’-এর মতো ছবিতে নিজের পরিচালনার দক্ষতা প্রমাণ করেছেন তিনি।

শুধু পরিচালনা নয়, প্রযোজক হিসেবেও বলিউডে নিজের ছাপ রেখে গিয়েছেন সঞ্জয় গুপ্ত। ‘দশ কাহানিয়াঁ’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’ এবং ‘মুম্বই সাগা’-র মতো ছবিতে তাঁর কাজ দর্শকদের নজর কেড়েছে। ২০০১ সালে প্রতিষ্ঠা করেন নিজের প্রযোজনা সংস্থা ‘হোয়াইট ফেদার ফিল্মস’। এই ব্যানার থেকেই একাধিক সিনেমা প্রযোজনা করেন তিনি। তাঁর পরিচালিত শেষদিকের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ২০২৪ সালের ‘দ্য মিরান্ডা ব্রাদার্স’ এবং ‘বিস্ফোট’। তবে চলচ্চিত্র জগতে তাঁর পথচলা শুরু হয়েছিল অন্যভাবে। পরিচালনায় আসার আগে পোস্ট-প্রোডাকশন ও সাউন্ড ডিজাইনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এমনকী, পঙ্কজ পরাশরের সহকারী হিসেবে ‘করমচান্দ’ ধারাবাহিক এবং ‘জলওয়া’ ছবিতেও কাজ করেছিলেন। তাঁর চলে যাওয়ায় বলিউডে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *