জনমত বাংলা নিউজ ডেস্ক : ফের সোমালিয়া উপকূলে জলদস্যু-আতঙ্ক। জলদস্যুদের হাতে প্রাণ গেল কলকাতার বাসিন্দা-সহ ৫ নাবিকের। মঙ্গলবার পান্টল্যান্ডের তথ্যমন্ত্রকের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গিয়েছে, গত দশ বছরে সোমালিয়ায় জলদস্যু হামলায় নাবিকের মৃত্যুর ঘটনা এই প্রথমবার।

চলতি বছরের ২১ এপ্রিল, মাঝসমুদ্রে জলদস্যুদের হাতে আটক হয় পালাউয়ের ট্যাঙ্কার ‘এম টি অনার ২৫’। জানা গিয়েছে, ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল নিয়ে মোগাদিশুর পথে রওনা দিয়েছিল জাহাজটি। ওই জাহাজে ছিলেন কলকাতার বাসিন্দা তানভীর-সহ ১৭ জন নাবিক। গত মঙ্গলবার পান্টল্যান্ড পুলিশ জাহাজটিকে মুক্ত করে। পান্টল্যান্ড পুলিশের তরফে জানানো হয়,মঙ্গলবার নিরাপত্তা বাহিনী জাহাজটিকে দস্যুমুক্ত করে। কিন্তু উদ্ধারকাজ শেষ হওয়ার আগেই বন্দি ৫ নাবিককে গুলি করে হত্যা করা হয়। মৃতদের মধ্যে তিন জন পাকিস্তানি, একজন মায়ানমারের নাগরিক এবং কলকাতার বাসিন্দা তানভীর।

ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মুখপাত্র মনোজ যাদব জানান, তানভীরের নিথর দেহের ছবি পৌঁছেছে পরিবারের হাতে। ঘটনায় শোকে পাথর পরিবার। মৃতের মায়ের আর্তি, “পাঁচটা মাস দুশ্চিন্তায় কেটেছে, এবার ছেলেটার দেহটা অন্তত ফিরিয়ে দিন।” ঘটনায় শোকপ্রকাশ করে কেন্দ্র ও বিদেশ মন্ত্রককে নিশানা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর বক্তব্য, “জাহাজে ভারতীয় নেই বলে যে দাবি করা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জাহাজ সংস্থার গাফিলতির জবাব দিতে হবে বিদেশমন্ত্রককে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *