জনমত বাংলা নিউজ ডেস্ক : কলকাতা পুরসভায় ডিএ নিয়ে কাটলো না জট! টানা ২০ দিন ধরে বিকল সেন্ট্রাল সার্ভার, বন্ধ ‘ই-কেএমসি ২.০’ পোর্টাল। থমকে নাগরিক পরিষেবা। আপডেটেড বেতন না পেয়ে ক্ষুব্ধ স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা।
পুরনো তালিকা ধরেই ১ সেপ্টেম্বর বেতন দিয়েছে পুরসভা। প্রোমোশনের এরিয়ার বাড়লেও পোর্টাল জটে বাড়তি টাকা পাননি অনেক স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী, গত মাসের হিসেবেই বেতন মিলেছে। এদিকে বেতন জটে বর্ধিত ডিএ নিয়েও আশঙ্কা তৈরী হয়েছে। ১৪ ও ১৫ অক্টোবর ২০ শতাংশ বর্ধিত ডিএ-সহ বেতন পাওয়ার কথা সরকারি কর্মীদের, সেই তালিকায় পুরকর্মীরাও। কিন্তু পোর্টাল বিকল থাকায় আপাতত দুশ্চিন্তায় তাঁরা।
অগ্রিম বেতন ও ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন, ‘পুজোর আগেই অ্যাডভান্স বেতন, ২০ শতাংশ অতিরিক্ত ডিএ দিয়ে দেওয়া হবে।’ পঞ্চায়েত ও পুরসভা থেকে শুরু করে রাজ্যের সমস্ত সরকারি কর্মী, শিক্ষক, সকলেই পাবেন এই সুবিধা। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি হয়ে গিয়েছে। কিন্তু ঘোষণা হলেও মেটেনি সার্ভার জট। এখনও আগস্ট-সেপ্টেম্বরের বেতন পাননি বহু ১০০ দিনের কর্মী, একই হাল সিভিক ভলান্টিয়ারদের একাংশের। ‘ই-কেএমসি ২.০’ পোর্টাল বিকল থাকায় পে-স্কেল মেনে ডিএ তালিকা পাঠানো যাচ্ছে না। বেতন এলেও ৩৩ হাজার পুরকর্মীর ২০% বর্ধিত ডিএ কীভাবে মিলবে, তা নিয়ে আশঙ্কা বাড়ছে।
