জনমত বাংলা নিউজ ডেস্ক : চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় নয়া বিতর্ক। মণ্ডপে প্রবেশের জন্য দুই ধরনের ভিআইপি পাস বিলি ও বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। একটি নামী ই-কমার্স সংস্থার পাস, যার দাম ৩৯৯ টাকা। অন্যদিকে, সামনে এসেছে চোরবাগান সর্বজনীনের নিজস্ব হলোগ্রাম দেওয়া পাসও। সেই পাসও টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
চোরবাগান সর্বজনীনের নিজস্ব পাসে রয়েছে পুজো কমিটির নাম, এবারের থিম, বিশেষ হলোগ্রাম, স্পনসরের নাম এবং মণ্ডপে প্রবেশের রাস্তা হিসেবে বিধান সরণীর উল্লেখ। যদিও ওই পাসে কোনও দাম লেখা নেই, তা সত্ত্বেও অর্থের বিনিময়ে পাস বিক্রির অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, পাস ছাড়া প্রতিমা দর্শন করা যাবে না বলে ঘোষণা করা হয়েছিল কি না, তা নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি।
পাস বিক্রির অনুমতি দিয়েছিল কে? চোরবাগানের বিপর্যয়ের তদন্তে এই প্রশ্নই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই একাধিক পাস বাজেয়াপ্ত করেছে পুলিশ। মোট কতগুলি পাস বিলি বা বিক্রি হয়েছিল, কারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং পুজো কমিটির নিজস্ব হলোগ্রাম দেওয়া পাসও টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

