জনমত বাংলা নিউজ ডেস্ক : জন্মদিনের রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাজনৈতিক সংঘাতের অভিযোগ! তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বাদানুবাদ, ধস্তাধস্তিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এরপর বাড়ির সামনে ধরনায় বসেন অভিষেক। শনিবার সকালেই তাঁর বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপির বিরুদ্ধে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্ষোভ উগরে দিয়ে বুলডোজার প্রসঙ্গে বলেন, “আমার শরীরের উপর দিয়ে বুলডোজার চালাও…”। তবে কোন ঘটনার প্রেক্ষিতে এই মন্তব্য, তা খোলসা করেননি তিনি। পাশাপাশি, প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা।
পাড়ার পুজোকে কেন্দ্র করে নতুন করে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, পাড়ার একটি ক্লাবকে শুক্রবার রাতে পুজোর কাজ করতে দেওয়া হয়নি। এখন তাঁরা রাস্তার উপরেই পুজোর আয়োজন করছে, যার অনুমতি বেআইনিভাবে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মমতার বক্তব্য, আগে ওই পুজো ভিতরে হত, এখন রাস্তার মোড়ে আয়োজন করা হচ্ছে, যাতে তাঁর পুজোয় কেউ না আসেন। ক্ষোভের সুরে তিনি বলেন, “জোর জুলুম চলছে। হামারা বুক ম্যায়, হামারা শরীর ম্যায় বুলডোজার চালাও। আমার বুকে বুলডোজার চালাও।”
তাঁর দাবি, রাত ৩টের সময় একদল দুষ্কৃতী এসে কালীপুজোয় বাধা দেয়। জনতার উদ্দেশে মমতা বলেন, “আমাদের কাজ কেন ডিসটার্ব করছ? এটা পটুয়াপাড়া। রাত ২টোর সময় অনেক মা কালীর প্রতিমা এখান থেকে যায়। আপনারা কেন ঝামেলা করছেন?” পুজোর আয়োজনের জায়গা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তাঁর বাড়ির মোড়ে পুজো না হলেও সামনের রাস্তায় পুজোর আয়োজন করা হয়েছে। ফলে সাধারণ মানুষের যাতায়াত কীভাবে হবে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি এলাকায় এত পুলিশ মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। কালীঘাট থানার ওসি এবং কয়েকটি থানার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা জানান, প্রয়োজন হলে তিনি নিজেই সুপ্রিম কোর্টে দাঁড়াবেন। শেষে এক পুলিশকর্তাকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি মহিলাদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
