জনমত বাংলা নিউজ ডেস্ক : কাউন্টডাউন শুরু! আর কয়েক ঘণ্টা পরই যুবভারতীতে নামছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমবার কলকাতার মাটিতে সেলেকাওরা। ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে, প্রস্তুত শহর কলকাতাও। দর্শকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে এআইএফএফ। পুলিশের তরফেও ম্যাচ ঘিরে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।
জানা গিয়েছে, যুবভারতী স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে এআইএফএফ। মাঠে কোনওরকম বাজি, পটকা, লাইটার, লেজার লাইট, খাদ্যদ্রব্য, জলের বোতল, মাদক দ্রব্য, ধারালো বস্তু, ব্যানার বা পোস্টার নিয়ে ঢোকা যাবে না। নতুন করে সংস্কারের পর স্টেডিয়ামের ভিতরেই পানীয় জলের উন্নত ব্যবস্থা থাকছে, তাই বাইরে থেকে বোতল আনার প্রয়োজন নেই। সকল দর্শককে মোবাইল চার্জ দিয়ে আনার অনুরোধ করা হয়েছে। অন্যদিকে, পুলিশের তরফেও একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। মাঠের মেন গেটের সামনে কোনওরকম পার্কিং করা যাবে না এবং পুলিশের প্রতিটি নির্দেশ মেনে চলতে হবে। ভিড় এড়াতে ম্যাচ শুরুর অন্তত দু’ঘণ্টা আগে নির্দিষ্ট এন্ট্রি গেট দিয়ে মাঠে প্রবেশের আবেদন জানানো হয়েছে। ভিড় সামলাতে বেশ কিছু জায়গায় ট্রাফিক নিয়ম কঠোর করা হতে পারে, তাই দর্শকদের ট্রেন, মেট্রো বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের অনুরোধ করা হচ্ছে এবং কোনও অবৈধ জায়গায় গাড়ি পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ ব্রাজিলের ম্যাচ ঘিরে সল্টলেকমুখী শহর। পুজোর মুখে পুলিশের উপর বাড়তি চাপ, তার মধ্যে মেসি-বিতর্ক থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা আরও কড়া। যুবভারতী ঘিরে বিশাল বাহিনী মোতায়েন করছে রাজ্য সরকার।
