জনমত বাংলা নিউজ ডেস্ক : মঙ্গলবার ঘরের মাঠে, ৮৫ হাজার দর্শকের সামনে দেশের জার্সিতে শেষবার নামবেন লিওনেল মেসি। বেনিনের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ দিয়েই দেশের জার্সিতে ইতি টানবেন তিনি। যাওয়ার আগে দায়িত্ব তুলে দেবেন পরবর্তী অধিনায়কের হাতে ।
আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল ও ৬৮ অ্যাসিস্টের অবিশ্বাস্য রেকর্ড রেখে বিদায় নিচ্ছেন লিওনেল মেসি। আর তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখতে বড় উদ্যোগ আর্জেন্টিনার ক্রীড়া মহলের। বেনিনের বিরুদ্ধে শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে মেসি যে আর্মব্যান্ড পরবেন, সেটিই সংরক্ষিত থাকবে জাতীয় জাদুঘরে। অতীতে দিয়েগো মারাদোনার আর্মব্যান্ডও সংরক্ষণ করেছিল একটি বেসরকারি সংস্থা। এবার মেসির ক্ষেত্রে সিদ্ধান্ত আরও কড়া, ভবিষ্যতে আর কোনও ফুটবলার ওই আর্মব্যান্ড পরতে পারবেন না।
জানা গিয়েছে ,খেলা শেষে সবার সামনেই পরবর্তী অধিনায়কের হাতে নেতৃত্বের ভার তুলে দেবেন মেসি। দলের অন্দরের খবর অনুযায়ী, মেসি অধ্যায়ের শেষে অধিনায়কদের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরোর হাতে, ডেপুটি হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ ও লাউতারো মার্তিনেজ।
তবে শুধু মেসি নন, এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানাবেন তাঁর দীর্ঘদিনের যোদ্ধা, সহ-অধিনায়ক নিকোলাস ওটামেন্ডিও। দুই কিংবদন্তির শেষ লড়াই দেখতে মাঠে থাকবে গোটা ২০২২ বিশ্বকাপজয়ী পরিবার। আসছেন ২০২৪-এ অবসর নেওয়া আনহেল ডি মারিয়াও।
চলতি বছরে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর অগস্ট মাসে হঠাৎই অবসর ঘোষণা করেন মেসি। তিনি লেখেন, ‘জাতীয় দলকে দেওয়ার মতো যা কিছু ছিল, আমি সবটাই দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছু বাকি নেই। বরং প্রতিভাবান তরুণ ফুটবলারা উঠে আসছে, তাদেরই এবার সুযোগ পাওয়া উচিত।’
