জনমত বাংলা নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে নামাঙ্কিত হতে চলেছে উত্তর প্রদেশের জেওয়ার বিমানবন্দর! নয়ডার কাছে নির্মীয়মাণ এই বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিমানবন্দর, রাখার প্রস্তাবে সবুজ সঙ্কেত দিয়েছে উত্তর প্রদেশের মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্য ক্যাবিনেটের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, জেওয়ার বিমানবন্দরের নতুন নামকরণের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে যোগী সরকার। উত্তর প্রদেশের পরিকাঠামোগত উন্নয়ন এবং বিমানবন্দর নির্মাণের গুরুত্বকে সামনে রেখেই এই নামকরণের সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
নয়ডার কাছে জেওয়ারে গড়ে ওঠা এই বিমানবন্দরকে উত্তর প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। বিমান যোগাযোগের উন্নতি, শিল্প ও বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রে এই বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। গত মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয় এই বিমানবন্দরের। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরের ভিড় কমাতে দিল্লি-সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া এটি দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর।
