A group of young men wearing medals and lanyards stand together at an event, posing for a photograph.

জনমত বাংলা নিউজ ডেস্ক : অবশেষে মুক্তি। রাতভর হাজতবাসের পর সকালে আদালতে তোলা হয় সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে। ২৪ ঘণ্টা পর ছাড়া পেলেন তাঁরা। মুক্তি পেয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠিও।

২৪ ঘণ্টা হাজতবাসের পর অবশেষে শর্তসাপেক্ষে মুক্তি। রবিবার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয় সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে। জানা গিয়েছে, আগামী এক বছর কোনও ভাবেই শান্তিভঙ্গ করা যাবে না, এই মুচলেকাতেই মুক্তি মিলেছে। ছাড়া পেয়েই হুঁশিয়ারি সিজেপির। এক্স হ্যান্ডলে বিবৃতি দিয়ে দল জানায়, “দিল্লি পুলিশ বাধ্য হল মুক্তি দিতে। আরশোলা কখনও মরে না।” এরপর রবিবার দুপুর ২টোয় সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছে সিজেপি। সেখানেই জানা যাবে তাদের পরবর্তী পদক্ষেপ।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিনা অনুমতিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। তার আগেই দিল্লিজুড়ে ধরপাকড় শুরু করে পুলিশ। মুম্বই থেকে দিল্লি আসছিলেন দীপকেরা। বিমান দিল্লিতে নামতেই ফ্লাইটের ভেতর থেকেই আটক করা হয় তিন সিজেপি নেতাকে। নিয়ে যাওয়া হয় আলাদা আলাদা অজ্ঞাত স্থানে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় গ্রেফতার দেখানো হয়। গুরুগ্রাম থেকে আটক হন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও। রবিবার ২৪ ঘণ্টা পর ছাড়া পেলেন সকলে। তবে এতক্ষণ কোথায় রাখা হয়েছিল তাঁদের, তা স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *