জনমত বাংলা নিউজ ডেস্ক : ইরানকে গোপনে সাহায্যের অভিযোগে আমেরিকার বড়সড় পদক্ষেপ! নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের তেল রপ্তানিতে সহযোগিতার অভিযোগ উঠেছে একাধিক ভারতীয় নাগরিক ও সংস্থার বিরুদ্ধে। আর সেই অভিযোগেই ভারতীয় এক দম্পতি-সহ মোট চার নাগরিক এবং ৯টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প প্রশাসন।
আমেরিকার অভিযোগ, ইরানের তেলবাহী জাহাজগুলিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করতেন ভারতীয় দম্পতি সুনীলকুমার শর্মা ও তাঁর স্ত্রী জশপ্রীত প্রীতি শাহিদ। সমুদ্রপথে চলাচলের জন্য জাহাজগুলির অবৈধ রেজিস্ট্রেশন এবং ভুয়ো শংসাপত্র তৈরির কাজ করতেন তাঁরা।
মার্কিন অর্থ দপ্তরের দাবি, ২০১৪ সাল থেকেই এই কারবার চালাচ্ছিলেন ওই দম্পতি। বিভিন্ন দেশের সামুদ্রিক নিয়ন্ত্রক সংস্থার পরিচয় ব্যবহার করে ভুয়ো ওয়েবসাইট ও সংস্থা তৈরি করা হয়েছিল। সেখানে জাহাজের রেজিস্ট্রেশন, নাবিকদের প্রশিক্ষণ ও শংসাপত্র দেওয়ার পরিষেবা দেওয়া হলেও সংশ্লিষ্ট দেশগুলির সরকারের কোনও অনুমোদন ছিল না।
আমেরিকার দাবি, মোজাম্বিক, গুয়ানা, মালাউই, লাওস, সেন্ট মার্টিন এবং তিমুর-লেস্তের পরিচয় ব্যবহার করে এই জাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। সেই ব্যবস্থার সাহায্যে ইরানের তেলবাহী জাহাজগুলি অন্য দেশের পতাকা লাগিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার নজর এড়াত। এখানেই শেষ নয়। মার্কিন প্রশাসনের অভিযোগ, ২০২৩ সালে সিঙ্গাপুরে ‘Eswatini Maritime Affairs and International Ship Registry PTE Ltd’ নামে একটি সংস্থা খোলেন সুনীল। যদিও এই সংস্থার সঙ্গে কোনও যোগ থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে দক্ষিণ আফ্রিকার এসওয়াতিনি সরকার।
আমেরিকার নিষেধাজ্ঞার কোপে সুনীলের আরও একটি সংস্থা ‘Oceaniek Technologies India’ এবং তাঁর স্ত্রীর সংস্থা ‘আর্যভট্ট মেরিটাইম অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট’। পাশাপাশি আরও সাতটি সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। তালিকায় রয়েছেন দুই ভারতীয় নাগরিক অশ্বিনী কুমার ধীমান ও ইশ্বিন্দর সিংও। মার্কিন প্রশাসনের দাবি, তাঁরা সংশ্লিষ্ট সংস্থাগুলির ডিরেক্টর ছিলেন।
জানা গিয়েছে, নিষেধাজ্ঞার জেরে চার ভারতীয় নাগরিক ও তাঁদের সংস্থার সঙ্গে কোনও মার্কিন নাগরিক বা সংস্থা আর বাণিজ্যিক সম্পর্ক রাখতে পারবে না। আমেরিকায় থাকা তাঁদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে আর্থিক লেনদেন করলে মার্কিন নাগরিক ও সংস্থাগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি তুরস্কের ‘ফুগো গ্রাউন্ড সার্ভিসেস’-এর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। অভিযোগ, ইরানের নিষেধাজ্ঞার আওতায় থাকা ছ’টি বিমান সংস্থাকে পরিষেবা দিয়ে সাহায্য করছে তারা।
ট্রাম্প প্রশাসনের ‘Operation Economic Outcast’-এর অধীনে এই পদক্ষেপ। ২৪ অগস্ট ২০২৬ শুরু হওয়া এই অভিযানের উদ্দেশ্য ইরানের তেল বিক্রির আয় বন্ধ করা এবং নিষেধাজ্ঞা এড়ানোর আর্থিক পথগুলি বন্ধ করে দেওয়া। মার্কিন অর্থসচিব স্কট বেসেন্টের কড়া বার্তা, ইরানকে সাহায্য করলে স্থল, জল বা আকাশপথ—কোনও ক্ষেত্রেই রেহাই মিলবে না।
