জনমত বাংলা নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের! প্রয়োজনে ইরানের বাকি অংশও ধ্বংস করার পথে হাঁটতে পারে আমেরিকা, হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও পরবর্তী হামলার বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা বা লক্ষ্যমাত্রা ঘোষণা করেননি তিনি। ট্রাম্পের বক্তব্য, তিনি ইরানের বাকি অংশ ধ্বংস করতে চান না, তবে পরিস্থিতির প্রয়োজনে হয়তো সেই পদক্ষেপ নিতে হতে পারে। তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “সম্ভব হলে আমি সেদেশের বাকি অংশকে ধ্বংস করতে চাই না, কিন্তু আমাকে হয়তো তা করতে হতে পারে। আপনারা খুব শীঘ্রই তা জানতে পারবেন।” ওভাল অফিসের একটি অনুষ্ঠানেও সামরিক অভিযানের পক্ষে সওয়াল করেন তিনি। ট্রাম্পের দাবি, ইরানের কোনওভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত নয়। তেহরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমেরিকার অনুমোদন ছাড়া ইরান কিছুই করতে পারবে না। তবে পরবর্তী সামরিক পদক্ষেপ কী হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে, ট্রাম্পের ইরান নীতির বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন মার্কিন ডেমোক্র্যাটরা। সংঘাত অবিলম্বে বন্ধ করার দাবিতে কংগ্রেসে প্রস্তাব আনার পরিকল্পনা করছেন প্রতিনিধি পরিষদের জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস আগামী কংগ্রেসে কমিটির চেয়ারম্যান হওয়ার জন্য সহকর্মীদের সমর্থন চেয়ে চিঠি লিখেছেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব আনা এবং মার্কিন পররাষ্ট্রনীতি নির্ধারণে কংগ্রেসের সাংবিধানিক ভূমিকা পুনরুদ্ধার করাই তাঁর অন্যতম অগ্রাধিকার।
শুধু ইরান যুদ্ধ নয়, সামরিক অভিযানের উদ্দেশ্য, খরচ এবং মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়েও ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহি চাইছেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাটিক হুইপ ক্যাথরিন ক্লার্কের অভিযোগ, কোনও স্পষ্ট লক্ষ্য কিংবা যুদ্ধ থেকে বেরিয়ে আসার পরিকল্পনা ছাড়াই আমেরিকাকে বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ অব্যাহত রাখা এবং মার্কিন সেনাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে প্রশাসনকে প্রশ্নের মুখে পড়তে হবে।
এদিকে, উপসাগরীয় অঞ্চলে সংঘাতের আঁচ ছড়াতে পারে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। বিশেষ করে ভারত-সহ এশিয়ার একাধিক জ্বালানি আমদানিকারক দেশকে নিয়ে বাড়ছে উদ্বেগ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ। এই পথ দিয়েই ভারত, চিন ও জাপানের মতো দেশগুলিতে বিপুল পরিমাণ তেল পৌঁছয়। ফলে ওই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে অপরিশোধিত তেলের সরবরাহ ও দাম, দুই ক্ষেত্রেই প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে, ট্রাম্পের ইরান নীতি নিয়ে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক মহলেও চাপ বাড়ছে।
