জনমত বাংলা নিউজ ডেস্ক : শুক্রবার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাতভর তুমুল উত্তেজনা! বিজেপি কর্মী ও অভিষেক-অনুগামীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। দু’পক্ষের মধ্যে চলে ব্যাপক বচসা, পাল্টা স্লোগান ও হাতাহাতি। ছেঁড়া হয় ব্যানার, ভাঙচুর করা হয় কাটআউট। পুলিশের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দু’পক্ষ। ঘটনায় আহত একাধিক। অভিষেকের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালিয়ে খুনের চেষ্টা করেছে। আহত হয়েছেন তাঁর অনুগামীরাও। রাতভর দফায় দফায় উত্তেজনা ছড়ালেও শনিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গিয়েছে, ৭ নভেম্বর সাংসদের জন্মদিন উপলক্ষে বাড়ির সামনে জড়ো হয়েছিলেন তাঁর অনুগামীরা। সেই সময় কালীঠাকুর নিয়ে যাওয়ার পথে বিজেপির কয়েকজন কর্মী-সমর্থকের সঙ্গে তাঁদের সংঘাত বাধে বলে দাবি। শুরু হয় ‘চোর চোর’ স্লোগান। ছিঁড়ে দেওয়া হয় অভিষেকের ব্যানার ও কাটআউট। প্রতিবাদ জানিয়ে বাধা দিতে যান তাঁর অনুগামীরা। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’পক্ষকেই সরিয়ে দেওয়া হয়।
বাড়ির বাইরে উত্তেজনার খবর পেয়ে ভিতর থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখেই ফের শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকায় ঘটনাস্থলে আরও পুলিশ মোতায়েন করা হয়। এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ির নিচে বসে পড়েন অভিষেক। নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁকে বাড়ির ভিতরে ফিরে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। কিন্তু তাতে রাজি হননি তিনি। বরং পুলিশের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই তাঁর কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে। দীর্ঘক্ষণ পর সকাল ৬টা নাগাদ বাড়িতে প্রবেশ করেন অভিষেক।
এরপর সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, তাঁর বাড়ির উপর নজরদারি চালানো হচ্ছে। সেই আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন তিনি। এরপরই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ডায়মন্ড হারবারের সাংসদের। অভিষেকের কথায়, “আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। রাত দু’টোর সময় বিজেপির গুন্ডারা হামলা চালিয়েছে। আমার এক সহকর্মীর হাতে গুরুতর আঘাত লেগেছে।” তাঁর আরও বক্তব্য, “আমার উপর বারবার হামলা করা হচ্ছে। সাধারণ মানুষ কী অবস্থায় আছেন, তা বোঝাই যাচ্ছে।”
সকালে কালীঘাটে পৌঁছে ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূল সাংসদ দোলা সেন। তাঁর সাফ কথা, “এভাবে চলতে পারে না। আইন রয়েছে। সর্বোপরি মানুষ বিচার করবেন।” অন্যদিকে, অভিষেকের অভিযোগকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ করে বিজেপি। দিলীপ ঘোষের কটাক্ষ, “এত বড় নেতা ফুটপাতে কেন জন্মদিন পালন করছেন, জানি না কী হয়েছে। মানুষের সহানুভূতি কুড়োনোর পুরনো পন্থা এটা।” রাহুল সিনহাও অভিষেককে নিশানা করে বলেন, মানুষের সঙ্গে প্রতারণা করলে ক্ষোভের মুখে পড়তেই হবে।
