জনমত বাংলা নিউজ ডেস্ক : দুর্গাপুজোর পাস সংক্রান্ত কেলেঙ্কারির তদন্তে কলকাতা পুলিশের বড়সড় পদক্ষেপ। বুধবার সন্ধ্যায় পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর হাতে গ্রেফতার হন ‘মাসআর্ট’ -এর সম্পাদক ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। গত কয়েক বছরে ‘টালা প্রত্যয়’ দুর্গাপুজো কমিটির অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, এই মামলার এফআইআরে নাম থাকা পাঁচজনের তালিকায় একেবারে প্রথমেই রয়েছে ধ্রুবজ্যোতির নাম।
এই মামলায় এটি দ্বিতীয় হাই-প্রোফাইল গ্রেফতার। এর আগে গ্রেফতার করা হয়েছিল গায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। এসিপি (ক্রাইম) কুণাল আগরওয়াল জানিয়েছেন, ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে কেআইটি ভবনের সামনে থেকে ধ্রুবজ্যোতি বসুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়। তদন্তকারীদের দাবি, ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুচ্ছন্দাকে জিজ্ঞাসাবাদের সময় বারবার উঠে এসেছে ধ্রুবজ্যোতির নাম। এমনকি, মধুচ্ছন্দা দাবি করেছেন, ধ্রুবজ্যোতির নির্দেশেই তিনি একাধিক নথিতে স্বাক্ষর করেছিলেন। এবার ইন্দ্রনীল সেনের সঙ্গে ধ্রুবজ্যোতিকেও মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছেন তদন্তকারীরা।
এদিকে, এই তদন্ত নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ইন্দ্রনীল সেনের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং শীর্ষ মহলেও তাঁর প্রভাব ছিল। অন্যদিকে, অসুস্থতার কারণ দেখিয়ে বুধবার লালবাজারে হাজিরা এড়িয়েছেন ইন্দ্রনীল সেনের মেয়ে অভেরি। তাঁকে ফের তলব করা হবে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, প্যান্ডেল নির্মাণের নামে টালা পার্কের বড় অংশ বেআইনিভাবে দখলের অভিযোগে চলতি বছরের শুরু থেকেই আইনি জটিলতায় রয়েছেন ধ্রুবজ্যোতি বসু। পুজোর পাস বিতর্কের তদন্তে তাঁর গ্রেফতারির পর মামলায় নতুন কোন তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর।
