জনমত বাংলা নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টে জামিন মিললেও স্বস্তি নেই সন্দীপ ঘোষের! আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় এবার তাঁকে তলব করল ইডি। উল্লেখ্য, সম্প্রতি সিবিআইয়ের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি।
জানা গিয়েছে, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ খতিয়ে দেখতেই সন্দীপ ঘোষকে তলব করেছে ইডি। আরজি করের অধ্যক্ষ থাকাকালীন হাসপাতালের সরকারি টাকা তছরুপ, টেন্ডার দুর্নীতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ওই সমস্ত অভিযোগের ভিত্তিতে চলা আর্থিক তছরুপের মামলায় সন্দীপকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এর আগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলবন্দি ছিলেন তিনি। পরে গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান সন্দীপ ঘোষ। তবে জামিন মিললেও আর্থিক দুর্নীতির মামলায় ইডির নজরদারি থেকে রেহাই মেলেনি তাঁর। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে ফের বাড়ল তাঁর চাপ।
তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসে। অভিযোগের তির ছিল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকেও। পড়ুয়া ভর্তিতে অনিয়ম থেকে শুরু করে সরকারি অর্থের অপব্যবহার—বিভিন্ন অভিযোগে তাঁর নাম জড়ায়। সিবিআইয়ের তদন্তে সন্দীপের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের নামও উঠে আসে। গ্রেফতার হন ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরা। যদিও সম্প্রতি শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এবার আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর ফের তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে চলেছেন তিনি। ইডির জিজ্ঞাসাবাদে কী তথ্য সামনে আসে এবং মামলার গতিপ্রকৃতি কোন দিকে যায়, তা নিয়েই এখন জল্পনা।
