Split image - on the left, a red building with Chinese characters and red lanterns, an old man walking past its closed collapsible gate, on the right, a young man with a backpack browsing books at a crowded College Street book stall in Kolkata with stacks of books and signboards for engineering and competitive exam books.

জনমত বাংলা নিউজ ডেস্ক : কলকাতার সৌন্দর্যায়নে এবার বড়সড় পদক্ষেপ রাজ্য সরকারের! কলেজ স্ট্রিট থেকে চায়না টাউন, শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকার উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিক বৈঠকে তিনি জানান, শুধু পরিকল্পনা নয়, প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য এবার মউ স্বাক্ষরের উদ্যোগও নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থা এনবিসিসি-র সঙ্গে একাধিক উন্নয়ন প্রকল্পে চুক্তিও করা হয়েছে।

রাজ্যজুড়ে উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ বড় পরিকল্পনার কথা জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সারা বাংলায় তৈরি করা হবে পাবলিক টয়লেট। ব্যাংককের ধাঁচে শহরের হকারদের জন্য তৈরি হবে নির্দিষ্ট হকার জোন। ফুটপাথ দখল করে নয়, বরং আলাদা করে ফুড কোর্ট ও ফুড স্ট্রিট তৈরির পরিকল্পনাও রয়েছে। সেখানে গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে। প্রয়োজনে তৈরি করা হবে টেন্ট। এমনকী লন্ডনের ধাঁচে খাবারের দোকান হিসেবে ব্যবহার করা হতে পারে বিশেষ ধরনের ছোট গাড়িও। পাশাপাশি বস্তি এলাকার উন্নয়নের উপরেও জোর দিচ্ছে রাজ্য সরকার। দিল্লি, মহারাষ্ট্র ও গুজরাটের মডেলে বস্তিবাসীদের জন্য স্থায়ী আবাসন তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী।

অন্যদিকে, কলকাতা ও হাওড়ায় গঙ্গার পাড়কে মুম্বইয়ের মেরিন ড্রাইভের আদলে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রীর কথায়, এটি একটি বিশাল প্রকল্প। নবদ্বীপ তথা মায়াপুরেও আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিটকে নতুনভাবে সাজিয়ে তোলার পরিকল্পনায় ইতিমধ্যেই মউ স্বাক্ষরিত হয়েছে। একইভাবে চায়না টাউনকেও চিনের আদলে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। অগ্নিমিত্রা পালের বক্তব্য, কলেজ স্ট্রিটের মতো বইপাড়া যেমন দেশের অন্য কোথাও নেই, তেমনই চায়না টাউনেরও আলাদা পরিচিতি রয়েছে। এবার সেই ঐতিহ্যকে আরও আকর্ষণীয় করে তোলাই লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *