জনমত বাংলা নিউজ ডেস্ক : অভিষেকের জন্মদিন ঘিরে শনিবার ফের অগ্নিগর্ভ কালীঘাট! রাস্তা দখল করে জন্মদিন পালনের অভিযোগ তুলে এদিন দুপুরে সাংসদের বাড়ির সামনে বিক্ষোভে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, রাস্তা বন্ধ থাকায় ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। এমনকী, এক কালীমূর্তি বিক্রেতা রাস্তা আটকে থাকার কারণে প্রতিমা ডেলিভারি করতে পারছেন না বলেও অভিযোগ। অভিষেকের বাড়ির সামনে থেকে ব্যারিকেড সরানোর দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে মাইক হাতে বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তা ফাঁকা করে দেওয়ার আবেদন জানান তিনি। একইসঙ্গে বিজেপি ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
গতকাল রাতের প্রসঙ্গ তুলে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কাল রাতে ঝামেলা করিয়েছেন। মেয়েদের শাখা ভেঙেছে। এখানে অনেকে প্রতিমা কিনতে আসেন। যাঁরা অভিষেকের জন্য আসছেন, তাঁরা একটা সাইডে আসবেন। অন্যদিক খালি রাখুন। দয়া করে জমায়েত করবেন না। ঠাকুরের গাড়ি পাস করতে দিন।” তিনি আরও বলেন, “আমি যাচ্ছি না, আমি থাকছি। যাঁরা অভিষেককে শুভেচ্ছা জানাতে আসছেন, তাঁদের স্বাগত। হামলা করার চেষ্টা করবেন না। একদিকে হামলা, আরেকদিকে মামলা। এভাবে চলতে থাকলে বিজেপির হাতের পুতুল হয়ে চেয়ার হারাবেন। আমরা বারবার পুলিশকে জানাচ্ছি।” এরপর অজয় নন্দাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি আমার কথা শুনুন। কাল থেকে আমার বাড়ির সামনে হামলা, বেআইনি পুজো করতে দিয়েছেন। যাঁরা সনাতনী করেন, তাঁদের বলছি, হিন্দু ধর্মকে আঘাত করছেন, এসব করবেন না। কত বড় সনাতনী আপনারা!”
উল্লেখ্য, ৭ নভেম্বর অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শুক্রবার রাত থেকেই বাড়ির সামনে জড়ো হন অনুগামীরা। সেই সময় বিজেপির কয়েকজন কর্মী-সমর্থক কালীপ্রতিমা আনতে যাচ্ছিলেন বলে দাবি। তাঁদের সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের বচসা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিষেককে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ছিঁড়ে ফেলা হয় তাঁর ব্যানার ও কাটআউট। বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু এরপরই বাড়ি থেকে বেরিয়ে আসেন অভিষেক। তাঁকে ঘিরে ফের স্লোগান-পালটা স্লোগানে উত্তেজনা বাড়ে। নিরাপত্তার কারণে অভিষেককে বাড়ির ভিতরে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। কিন্তু কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ির সামনেই বসে পড়েন তিনি। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান তৃণমূল সাংসদ। পুলিশের সামনেই মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন অভিষেক। অবশেষে শনিবার সকাল ৬টা নাগাদ বাড়ির ভিতরে যান তিনি।
এরপর ওই এলাকায় ১৬৩ ধারা জারি করা হলেও শনিবার দুপুরে হাতে কেক নিয়ে রাস্তায় হাজির হন মহিলা তৃণমূল সমর্থকদের একাংশ। তাঁদের ফিরে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। কিন্তু পুলিশের নির্দেশ ঘিরেই শুরু হয় বচসা। পুলিশের বিরুদ্ধে স্লোগানও তোলেন মহিলারা। এদিকে স্থানীয়দের দাবি, রাস্তা আটকে চলেছে রাজনৈতিক কর্মসূচি। বন্ধ দোকানপাট, আটকে রয়েছে কালীপ্রতিমা বের করার পথ। ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। তাঁদের স্পষ্ট দাবি, এভাবে রাস্তা বন্ধ করে রাখা চলবে না, অবিলম্বে খুলে দিতে হবে রাস্তা।
