জনমত বাংলা নিউজ ডেস্ক : পুলিশি পরিকাঠামো শক্ত করতে উদ্যোগী বিজেপি সরকার। শনিবার ব্রিগেডে পুলিশের এমারজেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের ৪৫০টি গাড়ি ও ৪৫০টি বাইকের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই মঞ্চ থেকে পুলিশের ডিএ ও অগ্রিম বেতন কবে মিলবে, তাও জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন রাজ্যের নিরাপত্তা আরও জোরদার করতে একসঙ্গে ৯০০টি পুলিশের গাড়ি-বাইকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, চালু করলেন ১১২ নম্বর। দ্রুত অপরাধ দমন, জরুরি সময়ে ঘটনাস্থলে পৌঁছনো ও মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ। মঞ্চ থেকেই পুলিশের ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, তিনি বলেন, “আমার পুলিশ বন্ধুরা মহাষষ্ঠীর আগেই ২০ শতাংশ অতিরিক্ত ডিএ-সহ অক্টোবরের অগ্রিম বেতন পেয়ে যাবেন।”

সেপ্টেম্বরে ভবানী ভবনের অনুষ্ঠানেও ডিএ নিয়ে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, “কেন্দ্রের সঙ্গে ৪২% ডিএ-র ফারাক ছিল, একদিনে মেটানো সম্ভব নয়। অক্টোবরে ২০% হারে ডিএ পাবেন। অর্থসচিবকে বলেছি, পুজোর আগেই ২০% ডিএ-সহ অগ্রিম বেতন দিতে।” এবার মহালয়ায় ফের একই ঘোষণা শুভেন্দু অধিকারীর। জানালেন, মহাষষ্ঠীর আগেই ২০ শতাংশ বর্ধিত ডিএ-সহ অক্টোবরের অগ্রিম বেতন পাবেন পুলিশকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *