জনমত বাংলা নিউজ ডেস্ক : ভোট গণনার দিন সোশ্যাল মিডিয়ায় ‘ভুল’ তথ্য! উপনির্বাচন নিয়ে অপপ্রচারের অভিযোগে কালীঘাটের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। ফল প্রকাশের পরদিন শনিবারই মুর্শিদাবাদের রেজিনগর থানায় দায়ের হল অভিযোগ। রেজিনগরের ১০৯ নম্বর বুথ নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
রেজিনগরের ১০৯ নম্বর বুথ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি স্ক্রিনশট। সংবাদমাধ্যমের ওই স্ক্রিনশট শেয়ার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর দাবি, ১০৯ নম্বর বুথে মোট ভোট ৭৭২, কিন্তু বিজেপি প্রার্থী পেয়েছেন ৯০৯ ভোট, হুমায়ুনের দলের প্রার্থী পেয়েছেন মাত্র ১ ভোট। ওই পোস্ট শেয়ার করেই কমিশনকে তোপ দাগেন অভিষেক।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ পুলিশের তরফে অভিষেকের পোস্টকে ভুল বলে জানানো হয়। তারপর রিটার্নিং অফিসারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। কমিশন জানিয়েছে, ১০৯ নম্বর বুথে মোট ভোটার ১১০৯, এর মধ্যে পুরুষ ৫৭৫, মহিলা ৫৩৪। ভোট পড়েছে ৯৭২টি। তারপরই দায়ের করা হয় মামলা।
