জনমত বাংলা নিউজ ডেস্ক : গান্ধীজয়ন্তীতে আমেরিকায় ফের আক্রান্ত হিন্দু মন্দির। ওহিওর শ্রী স্বামীনারায়ণ মন্দিরে ভক্তরা যখন পুজোয় ব্যস্ত, তখনই মন্দির লক্ষ্য করে উড়ে আসে ইট-পাটকেল। কাচ ভেঙে টুকরো এসে পড়ে ভক্তদের গায়ে। সাম্প্রতিক বছরগুলিতে আমেরিকায় মন্দিরে হামলার ঘটনা বেড়েছে, আর প্রতিবারই অভিযোগের আঙুল খলিস্তানিদের দিকে।
শনিবার হামলার কথা জানায় উত্তর আমেরিকার হিন্দুদের সংগঠন। এক্স হ্যান্ডেলে তাঁরা ভাঙা কাচের ছবি পোস্ট করে জানায়, শুক্রবার মন্দিরে নবরাত্রির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন ভক্ত ও এক পুরোহিত, তখনই ছোড়া হয় ইট। জানলা-দরজার কাচ ভেঙে যায়, অল্পের জন্য রক্ষা পান সকলে। ঘটনার তদন্তের দাবি জানিয়েছে সংগঠন, কিন্তু এখনও তদন্ত শুরুই হয়নি বলে অভিযোগ।
প্রসঙ্গত, গোটা বিশ্বে ভারত-বিরোধী কার্যকলাপ চালাচ্ছে খলিস্তানিরা। লন্ডন থেকে অস্ট্রেলিয়া, হিন্দু মন্দিরে হামলার নজির রয়েছে। মেলবোর্ন-সিডনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দিল্লিও। কানাডায় নিজ্জর খুনের পর বদলার হুমকি দিচ্ছে তারা। আর আমেরিকায় তাদের প্রধান টার্গেট স্বামীনারায়ণ মন্দির। ভাঙচুর থেকে দেওয়ালে মোদী-বিরোধী ও ভারত-বিরোধী স্লোগান লেখা, বারবার নাম জড়িয়েছে খলিস্তানিদের। যদিও শুক্রবারের ঘটনায় খলিস্তানি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
