জনমত বাংলা নিউজ ডেস্ক : দলের অন্দরের অশান্তি ফের প্রকাশ্যে এনসিপিআইয়ে। এক নেত্রীর আচরণে ক্ষুব্ধ হয়ে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন এক অভিনেত্রী-সহ তিন সাংসদ। সূত্রের খবর, এর আগে আরও এক অভিনেত্রী তথা বর্ষীয়ান সাংসদও গ্রুপ ছেড়েছিলেন। ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা।

ঘটনার সূত্রপাত, গত ৩ অক্টোবর কলকাতায় ভারত-ব্রাজিল প্রদর্শনী ফুটবল ম্যাচকে ঘিরে। রাজ্য সরকারের তরফে এনসিপিআইয়ের সাংসদদের জন্য ২০টি ভিআইপি টিকিট দলের এক নেত্রীর কাছে পাঠানো হয়। প্রথমে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের বাড়িতে রাখা হলেও পরে টিকিটগুলি পাঠিয়ে দেওয়া হয় উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে তাঁর বাড়িতে।

এরপর ম্যাচের ঠিক আগের দিন, ২ অক্টোবর দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংসদদের জানানো হয়, তাঁদের টিকিট মধ্যমগ্রাম গিয়ে সংগ্রহ করে নিতে হবে। এই বার্তাতেই ক্ষোভের সূত্রপাত। কয়েকজন সাংসদ বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে। অভিযোগ, ওই নেত্রী গ্রুপে লেখেন,‘আমি কারও বাবার চাকর নই।’ এরপর হোয়াটসঅ্যাপ গ্রুপেই শুরু হয় তুমুল বাদানুবাদ। শেষ পর্যন্ত কলকাতা সংলগ্ন এলাকার এক অভিনেত্রী-সহ তিন সাংসদ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরের কোন্দল আরও প্রকাশ্যে এসেছে।

যদিও গোটা বিষয়টি নিয়ে এনসিপিআইয়ের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,“আমি এসবের কিছুই জানি না। রাজ্য সরকার আমাকে পৃথকভাবে টিকিট পাঠিয়েছে।” অন্যদিকে, এনসিপিআইয়ের অন্দরের এই অশান্তি নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। একইসঙ্গে লোকসভার স্পিকারের কাছে আরও দু’সপ্তাহ সময় চেয়েছে এনসিপিআই। সেই প্রসঙ্গেও মন্তব্য করেছেন সৌগত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *