Tamil actor and TVK party leader Thalapathy Vijay addressing a public gathering, smiling and raising both hands amid a decorated stage with floral arrangements.

জনমত বাংলা নিউজ ডেস্ক : জল্পনার অবসান! ইন্ডি জোটের কর্মসূচিতে প্রথমবার অংশ নিল থলপতি বিজয়ের দল টিভিকে। বৃহস্পতিবার চেন্নাইয়ে ‘গণতন্ত্র রক্ষা’র দাবিতে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল কংগ্রেস-সহ জোটের শরিকরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত ওই বিক্ষোভে সামিল হয় টিভিকে-ও। দীর্ঘদিনের জল্পনার পর বিজয়ের দলের এই অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সাফল্যের পর থলপতি বিজয়ের দল টিভিকে-র ইন্ডি জোটের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা আরও বেড়েছে। দিল্লিতে জোটের বৈঠকে টিভিকে-কে আমন্ত্রণ জানানোর প্রস্তাব উঠলেও তা কার্যকর হয়নি। পরে তামিলনাড়ুতে টিভিকে নেতাদের সঙ্গে আলোচনা করেন কংগ্রেস নেতারা। এরপরই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় বিজয়ের দল।

এদিকে, টিভিকে নেতা ও রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী এ রাজমোহন এসআইআর-কে অগণতান্ত্রিক বলেও আক্রমণ করেছেন। তাঁর দাবি, এই প্রক্রিয়া আম্বেদকরের সাম্যের নীতির পরিপন্থী। এসআইআর-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও গিয়েছে টিভিকে।

তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হওয়া নির্বাচনে জিতেই ক্ষমতায় এসেছে টিভিকে। সেই কমিশনের বিরুদ্ধে আন্দোলন কি নিজেদের নির্বাচনী জয়ের গ্রহণযোগ্যতা নিয়েও বিতর্ক তৈরি করতে পারে? বিজয়ের দলের অবস্থান ঘিরে তাই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *