Reliance Industries Chairman Mukesh Ambani pictured alongside the Starlink logo, highlighting the debate over Starlink’s satellite internet services in India.

জনমত বাংলা নিউজ ডেস্ক : ভারতে কি স্টারলিঙ্কের পথ আটকানো হচ্ছে? ইলন মাস্কের এমনই অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। এবার সেই বিতর্কের জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এক্স হ্যান্ডেলে বিবৃতি প্রকাশ করে সংস্থার তরফে জানানো হয়েছে, স্যাটেলাইট যোগাযোগ পরিষেবার ক্ষেত্রে স্টারলিঙ্ক-সহ যে কোনও সংস্থাকে স্বাগত জানানো হবে। তবে ভারতীয় গ্রাহকদের পরিষেবা দিতে হলে দেশের আইন ও নীতি মেনে চলা বাধ্যতামূলক।

সরাসরি ইলন মাস্কের নাম না নিলেও সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতেই বিবৃতি দিল রিলায়েন্স। সংস্থার দাবি, রিলায়েন্সকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, তাই প্রকৃত তথ্য সামনে আনতেই এই বিবৃতি। এর আগে মাস্ক অভিযোগ করেন, ভারতের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি স্টারলিঙ্ককে আটকানোর চেষ্টা করছেন। পরে রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ অম্বানীকে সরাসরি কটাক্ষ করেন তিনি। পাল্টা বিবৃতিতে রিলায়েন্স জানিয়েছে, স্টারলিঙ্কের মতো জিও-র স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবাও অনুমতির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ভারতীয় নীতির উপরই জোর দিয়েছে সংস্থা।

স্টারলিঙ্ক নিয়ে মাস্কের অভিযোগ অবশ্য আগেই খারিজ করেছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। দেশীয় সংস্থাগুলিকে অনুমোদনের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, এই দাবি মানতে নারাজ কেন্দ্র। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক পরিষেবা শুরু করতে এখনও তিনটি সংস্থার নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র ও স্পেকট্রাম বরাদ্দ পাওয়া বাকি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *