জনমত বাংলা নিউজ ডেস্ক : বড় ব্যাগ কাঁধে নিয়ে ঘোরাঘুরি, সন্দেহ হতেই তল্লাশি! আর তাতেই বড়সড় সাফল্য আরপিএফের। এক যুবকের কাঁধে থাকা বড় ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রায় সাড়ে ১০ কেজি রুপোর থালা, বাটি ও প্রদীপ। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ২৩ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ব্যাগে থাকা রুপোর সামগ্রীর কোনও বৈধ নথি দেখাতে পারেননি ওই যুবক। এরপরই তাঁকে আটক করা হয়। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী-সহ যুবককে পরবর্তী পদক্ষেপের জন্য আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে আরপিএফ।
আরপিএফ সূত্রে খবর, ধৃতের নাম বিবেক কুমার সাউ। বাড়ি ঝাড়খণ্ডের রাঁচীতে। গতকাল হাওড়া স্টেশনের পুরনো ডিআরএম বিল্ডিংয়ের সামনে তাঁকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত জওয়ানদের। সন্দেহের বশে তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ রুপোর সামগ্রী! রুপোর থালা, বাটি, মগ, প্রদীপ থেকে শুরু করে ঘর সাজানোর নানা জিনিস এবং প্রচুর কয়েন—সব মিলিয়ে ওজন প্রায় সাড়ে ১০ কেজি। এত বিপুল পরিমাণ রুপো কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন করা হলেও সন্তোষজনক উত্তর মেলেনি। এরপর উদ্ধার হওয়া সমস্ত রুপো বাজেয়াপ্ত করে আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয়। আটক যাত্রীকেও হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা ও মূল্যবান সামগ্রী উদ্ধারের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত সেপ্টেম্বর মাসে বন্দে ভারত এক্সপ্রেসে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২১ লক্ষ টাকা নগদ এবং ৩০.১৮ গ্রাম সোনার সামগ্রী উদ্ধার হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে আটক করে আয়কর দফতরকে খবর দেয় আরপিএফ। ওই মাসেই অন্য এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৬৭ লক্ষ টাকা নগদ। শুধু তাই নয়, অক্টোবরের শুরুতে ফের এক যাত্রীর ব্যাগ থেকে ৪৪ লক্ষ টাকা উদ্ধার করেন আরপিএফ জওয়ানরা। পরপর এই ধরনের ঘটনা সামনে আসায় হাওড়া স্টেশনে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী কোথা থেকে আসছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
