Street unrest in France with a fire burning on the road as people gather nearby amid ongoing protests.

জনমত বাংলা নিউজ ডেস্ক : অশান্তির আগুনে উত্তপ্ত ফ্রান্স! পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় আংশিক কার্ফু জারি করেছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। কিন্তু তাতেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এমন আবহে ফ্রান্সে থাকা প্রবাসী ভারতীয়দের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করল ভারতীয় দূতাবাস। প্যারিসের দূতাবাসের তরফে সকলকে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু বর্তমানে ফ্রান্সে থাকা ভারতীয়রাই নন, যাঁরা সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদেরও সতর্ক থাকতে এবং নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।

ফ্রান্সের অশান্ত পরিস্থিতির মধ্যে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সতর্কতামূলক পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। ভারতীয় দূতাবাসের নির্দেশ, বিক্ষোভের জায়গা ও ভিড় এড়িয়ে চলার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে হবে। বিবৃতিতে নাগরিকদের সজাগ থাকার এবং যে সব এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ চলছে, সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিস্থিতির উপর নজর রাখার কথাও বলা হয়েছে। প্রয়োজনে প্যারিসের দূতাবাসে +৩৩ ৬ ৪৮ ৩৪ ০০ ৬৩ এবং মার্সেইয়ে +৩৩ ৭ ৪৩ ১৬ ২৫ ৫৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন ভারতীয়রা।

স্কুল-কলেজে উন্নত পরিকাঠামোর দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ থেকে ফ্রান্সে অশান্তির সূত্রপাত। সেপ্টেম্বরের শেষদিকে প্যারিসে শুরু হওয়া সেই আন্দোলন ক্রমে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায়। এর সঙ্গে যুক্ত হয় মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানের অবনতির মতো বিষয়। একসময় শান্তিপূর্ণ বিক্ষোভই হিংসাত্মক রূপ নিতে শুরু করে বলে অভিযোগ।

রাজনৈতিক মহলের একাংশ এই হিংসার পিছনে কমিউনিস্ট ও অভিবাসী মুসলিমদের একাংশের ভূমিকা রয়েছে বলে দাবি করেছে। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক এলাকায় আংশিক কার্ফু জারি করেছে প্রশাসন। প্যারিস, মার্সেই ও লিয়ঁর মতো শহরে লুটপাটের ঘটনাও ঘটেছে বলে খবর। এর মধ্যেই আগামী ২৪ অক্টোবর ফের আন্দোলনের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। ফলে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *