জনমত বাংলা নিউজ ডেস্ক : ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের! দীর্ঘদিনের টানাপোড়েন, একাধিক আলোচনা এবং বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের জেরে এতদিন ঝুলে ছিল চুক্তি। বিশেষ করে কৃষিজ পণ্য-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে তৈরি হয়েছিল জট। তবে এবার সেই জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই চুক্তি আমেরিকার পূর্ববর্তী বাণিজ্যচুক্তিগুলির তুলনায় ভিন্ন হতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, ভারত এই চুক্তি চূড়ান্ত করতে চায়। আমেরিকাও চুক্তিটি সম্পন্ন করার বিষয়ে আগ্রহী। ট্রাম্পের দাবি, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই চুক্তি ওয়াশিংটনের আগে করা বাণিজ্যচুক্তিগুলির তুলনায় একেবারেই ভিন্ন হবে। তবে ঠিক কোন কোন বিষয়ে এই চুক্তিতে নতুনত্ব থাকবে, কিংবা কী কী শর্তে দুই দেশ সম্মত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
অন্যদিকে, বর্তমানে ভারত সফরে রয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এর আগে তিনিও ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পথে বলে ইঙ্গিত দিয়েছিলেন। এবার খোদ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে চুক্তি নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এখন দেখার, দীর্ঘ আলোচনার পর কবে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সিলমোহর পড়ে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কোন নতুন দিকে এগোয়।
জানা গিয়েছে, আমেরিকা নিজেদের কৃষিজ পণ্যের জন্য ভারতের বাজারে আরও বেশি সুযোগ চাইছে। কিন্তু তাতে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা ভারতের। বিশেষ করে উত্তরপ্রদেশে ভোটের আগে এই সিদ্ধান্ত ঘিরে কৃষকদের মধ্যে নতুন করে অসন্তোষ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই কৃষিপণ্যের ক্ষেত্রে ছাড় দিতে নারাজ নয়াদিল্লি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশের যাবতীয় জট প্রায় মিটে গিয়েছে। চুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা। তবে কোন সমীকরণে মিলল রফাসূত্র, তা খোলসা করেননি ট্রাম্প।

