জনমত বাংলা নিউজ ডেস্ক : আবারও আগুন দক্ষিণ ২৪ পরগনার নাজিরাবাদে। শুক্রবার গভীর রাতে মোমো গোডাউনে আগুন লাগে। ৮ মাস আগেও একই গোডাউনে আগুন লেগেছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। হতাহতের খবর নেই। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যান সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
শুক্রবার গভীর রাতে ফের ওই মোমো গোডাউনে আগুন লাগে। জানা গিয়েছে, প্রথম অগ্নিকাণ্ডের পর গোডাউনের একটি জায়গায় রাখা হয়েছিল কিছু দাহ্য পদার্থ। সেই জায়গাতেই নতুন করে আগুন লাগে। সেই সময় সেখানে কেউ উপস্থিত না থাকলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। খবর যায় দমকলের কাছে। খবর পেয়েই চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। শুরু হয় আগুন নেভানোর জোরদার চেষ্টা। প্রায় এক ঘণ্টার লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। পুলিশের দাবি, শনিবার সকাল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
একই গোডাউনে বারবার আগুন, আর তাতেই বাড়ছে রহস্য! অগ্নিকাণ্ডের পর প্রশ্ন উঠছে, পরিত্যক্ত গোডাউনে দাহ্য পদার্থ রাখা হয়েছিল কেন? কীভাবে আগুন ছড়াল? এর পিছনে কি কারও হাত রয়েছে? সব দিক খতিয়ে দেখছেন দমকল ও পুলিশের আধিকারিকরা। ঘটনায় বিজেপি বিধায়ক দেবাশিস ধর বলেন, “পরিত্যক্ত গুদামে দাহ্য পদার্থ, তেল জাতীয় কিছু জিনিস ছিল। সেখানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটতে পারে।” পাশাপাশি, আগের ঘটনার পর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক করা হয়েছিল কি না, তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে।
