জনমত বাংলা নিউজ ডেস্ক : বিতর্ক পিছু ছাড়ছে না প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের। দুর্গাপুজোর পাস বিক্রি, ‘বাংলা মোদের গর্ব’ প্রকল্পে দুর্নীতির অভিযোগের পর এবার নজরুল মহোৎসব নিয়েও দুর্নীতির অভিযোগ। ২০২৫ ও ২০২৬ সালে শিশির মঞ্চে নজরুল মহোৎসবের বিপুল খরচ নিয়ে উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দফতরে।
গতবছর যখন শিশির মঞ্চে নজরুল মহোৎসব হয়, তখন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন ইন্দ্রনীল সেন। সেই অনুষ্ঠানে খরচ দেখানো হয় ৩৭ লক্ষ ৯২ হাজার ৫৩ টাকা। আর এবছর একই মঞ্চে একই অনুষ্ঠানে খরচ মাত্র ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। এক বছরে খরচের ফারাক ৩৬ লক্ষের বেশি। অভিযোগ, ইন্দ্রনীল সেনের আমলে নজরুল মহোৎসবের খরচ ঘিরে দুর্নীতি হয়েছে। পাশাপাশি তাঁর দফতরের একাধিক আধিকারিক এবং শিশির মঞ্চের আধিকারিক তপন তরফদারের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, দুর্গাপুজোর পাস বিক্রিতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে ইডির জালে ইন্দ্রনীল সেন। ইডির দাবি, ইউনেস্কোর নামে প্রিভিউ শো-র পাস বিক্রির টাকা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে। যদিও ইন্দ্রনীলের সাফাই, ওটা রয়্যালটি। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে তদন্তে নেমেছে রাজ্য দুর্নীতি দমন কমিশনও।
এই ঘটনায় রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, ‘দুর্নীতি আর তৃণমূল সমার্থক’। প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও নিশানা করে তিনি বলেন, “প্রতিভাবানরা কোথা থেকে রয়্যালটি পান, জানি না। ইন্দ্রনীল সেন জেনেশুনেই তৃণমূলে গিয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য-সহ অনেকের আশীর্বাদ পেয়েছেন উনি।”
